
নিজস্ব প্রতিবেদক
একটি সমৃদ্ধ, আধুনিক ও জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, গবেষকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশ পরিচালনা ও কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব, যেখানে মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
তিনি বলেন, বর্তমান সময়ে রাষ্ট্র ও সরকারের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্ভাবনী চিন্তা ও নতুন ধারণা নিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। নতুন উদ্যোক্তা ও গবেষকদের উৎসাহিত করতে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।
তারেক রহমান বলেন, অনুষ্ঠানে এর আগে বক্তারা, বিশেষ করে ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, উদ্ভাবন বিষয়ে যে আলোচনা ও প্রস্তাব তুলে ধরেছেন, সেখান থেকেই ভবিষ্যতের অনেক কর্মপন্থা নির্ধারণ করা সম্ভব হয়েছে। এসব পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা গেলে নির্ধারিত লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়; সমাজের প্রতিটি স্তরের মানুষের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। উদ্ভাবন ও গবেষণাকে জাতীয় উন্নয়নের সঙ্গে যুক্ত করে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বুয়েটের অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।
ছবি: সংগৃহীত
মন্তব্য করুন