
নিজস্ব প্রতিবেদক:
হাসপাতালের চিকিৎসাসেবায় অনিয়ম, অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে।’
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের ডেঙ্গু ইউনিটসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা ও অন্যান্য কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম তার নজরে আসে।
হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। এ সময় কয়েকজন রোগী অভিযোগ করেন, প্রয়োজনের সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের পাওয়া যায় না। পাশাপাশি নার্সদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়া এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগও জানান তারা।
রোগী ও স্বজনদের অভিযোগ শুনে স্বাস্থ্যমন্ত্রী তাদের আশ্বস্ত করেন। তিনি বলেন, হাসপাতালের সব ধরনের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসাসেবায় কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না।
মন্ত্রী বলেন, রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব। দায়িত্বে অবহেলা কিংবা সেবার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় হাম প্রতিরোধে সরকারের প্রস্তুতির কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, হাম প্রতিরোধে ৪ কোটি টিকা সংগ্রহ করা হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে।
এ ছাড়া আগামী ১২ সেপ্টেম্বর থেকে সারাদেশে তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে বলেও জানান তিনি। সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
হাসপাতাল পরিদর্শনের সময় চিকিৎসাসেবার মান, রোগীদের সুযোগ-সুবিধা এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
