• বৃহঃ. সেপ্টে ১০, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

শিক্ষার মানোন্নয়নে আইনগিরী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

BySarker

সেপ্টে ১০, ২০২৬

হাসনাতুজ্জামান:

চাঁদপুরের কচুয়া উপজেলার আইনগিরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করা এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, পরীক্ষায় ভালো ফলাফল অর্জন এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের করণীয় নিয়ে সভায় আলোচনা করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শরীফুল হক শাহজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক সালেহ আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন কচুয়া উপজেলার দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজিজ উল্যাহ মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি কমিটির সদস্য নাছির উদ্দীন প্রধান ও হেলাল উদ্দিন খোকন। এছাড়া বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ জাকির হোসেন বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সালেহ আহমেদ শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরীক্ষায় নকলের কোনো সুযোগ নেই। ভালো ফলাফল করতে হলে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। একই সঙ্গে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে থেকে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পেছনে শুধু তাদের নিজস্ব প্রচেষ্টাই নয়, শিক্ষক ও অভিভাবকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি তাদের প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে।

বিশেষ আলোচক আজিজ উল্যাহ মাস্টার বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভালো ফলাফল নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানের ক্ষেত্রে আরও আন্তরিক হতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি ও পড়াশোনার বিষয়টি অভিভাবকদেরও গুরুত্ব দিয়ে দেখতে হবে।

সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শরীফুল হক শাহজী বলেন, গত বছর যারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, তাদের কীভাবে পড়াশোনায় ফিরিয়ে এনে সফল করা যায়—এ বিষয়টিকে গুরুত্ব দিয়েই এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়েছে। অকৃতকার্য শিক্ষার্থীদের বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সন্তানদের পড়াশোনার প্রতি অভিভাবকদের আরও বেশি নজর দিতে হবে।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, মোবাইল ফোনের অপব্যবহার থেকে বিরত রাখা, পাঠ্যবইয়ের পাশাপাশি জ্ঞানমূলক বই পড়ায় উৎসাহিত করা এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বাড়তি মনোযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সমাবেশে আইনগিরী গোলজার শাহ্ ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ জাফর আলী, আইনগিরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights