• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার সক্ষম: স্বাস্থ্যমন্ত্রী

Byadmin

এপ্রিল ৩০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

হাম ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের যথেষ্ট সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর ২৫০ শয্যাবিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতাল-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে যক্ষ্মা পরীক্ষার কীট ও শিশুদের জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর করা হয়।

এ সময় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন স্বাস্থ্যমন্ত্রীর কাছে ৬ লাখ ‘জিন এক্সপার্ট কার্ট্রিজ’ এবং শিশুদের জন্য ১১ হাজার কোর্স টিবি ওষুধ হস্তান্তর করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীতে নির্ধারিত বাজেট থাকা সত্ত্বেও স্বাস্থ্য খাতে যথাযথ ব্যয় না হওয়ায় কিছু সংকট তৈরি হয়েছে। তবে বর্তমানে ভ্যাকসিন ও জনবলসহ প্রয়োজনীয় প্রস্তুতির কোনো ঘাটতি নেই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ৬ থেকে ৫৯ মাস বয়সী শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, টিকা নেওয়ার পর শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে সময় লাগে, তাই শিগগিরই হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।

অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতের সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার ও সুশাসন জোরদারে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে যক্ষ্মা শনাক্তকরণ আরও উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ডিজিটাল এক্স-রে ও আধুনিক জিন সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বাংলাদেশকে একটি সুস্থ ও শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights