এন জামান সুমন, ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশ নারী ক্রিকেট দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারল শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল-এর বিপক্ষে। প্রথম দুই ম্যাচেই হেরে সিরিজ হাতছাড়া করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২১ রানের পরাজয় বরণ করে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচেও ২৫ রানে হেরেছিল তারা।
টসে জিতে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে সফরকারীরা।
জবাবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। রান তাড়ায় জুয়াইরিয়া ফেরদৌস ২৩ বলে ২৯ রান করে লড়াইয়ের চেষ্টা করেন। এছাড়া দিলারা আক্তার ২৩ ও শারমিন আক্তার অপরাজিত ৪৪ রান করেন।
অন্যদের মধ্যে অধিনায়ক নিগার ৭, সোবহানা মোস্তারি ০ এবং স্বর্ণা আক্তার ১২ রান করেন।
এর আগে শ্রীলঙ্কার হয়ে অধিনায়ক চামারি আতাপাত্তু ৪২ এবং হর্ষিতা সামারাবিক্রমা সর্বোচ্চ ৪৯ রান করেন। এছাড়া ইমেশা দুলানি ২৭ ও নিলাকশিকা সিলভা ২২ রান যোগ করেন।
বাংলাদেশের পক্ষে ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও ঋতু মনি একটি করে উইকেট নেন।
