নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা।
সোমবার (১৮ মে) সকাল থেকে সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু করে সড়ক বিভাগ। কাজের সুবিধার্থে ঢাকামুখী লেনের একটি অংশ বন্ধ রেখে এক লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। ফলে ধীরে ধীরে যানজট সোনারগাঁ ছাড়িয়ে মেঘনা সেতু এলাকা হয়ে মুন্সীগঞ্জের গজারিয়া পর্যন্ত বিস্তৃত হয়।
সরেজমিনে দেখা যায়, মহাসড়কের বিভিন্ন অংশে শত শত বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও ব্যক্তিগত গাড়ি দীর্ঘ সময় আটকে আছে। অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে। বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন।
ঢাকাগামী ট্রাকচালক ওবায়দুল মিয়া বলেন, সকাল ৯টার দিকে দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পর থেকেই যানজটে আটকে আছেন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও খুব ধীরে গাড়ি এগোচ্ছে।
তিশা পরিবহনের যাত্রী বৃষ্টি পোদ্দার বলেন, স্বাভাবিক সময়ে যে পথ যেতে ১০ মিনিট লাগে, সেখানে আড়াই ঘণ্টা ধরে যানজটে বসে থাকতে হয়েছে। জরুরি অফিস মিটিংয়ে সময়মতো পৌঁছাতে পারেননি বলেও জানান তিনি।
প্রাইভেটকার চালক মোহাম্মদ রাব্বানি বলেন, মেঘনা টোলপ্লাজা থেকে ঢাকামুখী লেন প্রায় স্থবির হয়ে পড়ে। আড়াই ঘণ্টা অপেক্ষার পর তিনি মেঘনা সেতু পার হতে সক্ষম হন। সাধারণ সময়ে এ পথ অতিক্রম করতে ৮ থেকে ১০ মিনিট সময় লাগে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ জানান, লাঙ্গলবন্দ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে সংস্কারকাজ চলমান থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। বর্তমানে এক লেন দিয়ে যান চলাচল করছে। দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে এবং আজকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
