• রবি. আগ ৩০, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

আষাঢ়িয়ার চর সেতু সংস্কারে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ৫০ কিলোমিটার যানজট

ByShirso Aparadh

আগ ২৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আষাঢ়িয়ার চর সেতুর জরুরি সংস্কারকাজকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া যানজট শনিবারও পুরোপুরি কাটেনি। কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাঢ়িয়ার চর পর্যন্ত প্রায় ৪০ থেকে ৫০ কিলোমিটার এলাকাজুড়ে ঢাকামুখী লেনে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।

দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী, পরিবহন শ্রমিক ও চালকরা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আষাঢ়িয়ার চর সেতুর ঢাকামুখী লেনে বড় গর্ত তৈরি হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সড়ক বিভাগ জরুরি সংস্কারকাজ শুরু করে। সংস্কারকাজের কারণে একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে সীমিত পরিসরে যানবাহন চলাচল করায় দ্রুত যানবাহনের চাপ বেড়ে যায়। পরে সেই জট ধীরে ধীরে দাউদকান্দি, গৌরীপুর, মেঘনা টোলপ্লাজা, ইলিয়টগঞ্জ ও চান্দিনা হয়ে কুমিল্লার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ে যে পথ পাড়ি দিতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগে, ভয়াবহ যানজটের কারণে তা অতিক্রম করতে লাগছে ৮ থেকে ১০ ঘণ্টা, কোথাও আরও বেশি সময়।

দাউদকান্দি এলাকায় আটকে থাকা কয়েকজন যাত্রী জানান, কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে মাত্র ২০ কিলোমিটার পথ অতিক্রম করতেই তাদের চার ঘণ্টার বেশি সময় লেগেছে। প্রচণ্ড গরমে দীর্ঘ সময় গাড়ির ভেতরে আটকে থাকায় শিশু ও বয়স্করা বেশি কষ্ট পাচ্ছেন।

দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় খাবার ও পানির সংকটের পাশাপাশি নারী যাত্রীদের জন্য শৌচাগার ব্যবহার নিয়েও চরম সমস্যার সৃষ্টি হয়েছে। অনেক যাত্রী প্রয়োজনের তাগিদে গাড়ি থেকে নেমে মহাসড়কের পাশে অপেক্ষা করছেন।

শুধু যাত্রীরাই নন, পরিবহন শ্রমিকরাও পড়েছেন বিপাকে। চালক ও সহকারীরা জানান, দীর্ঘ সময় গাড়ি আটকে থাকায় অতিরিক্ত জ্বালানি খরচ হচ্ছে এবং নির্ধারিত সময়সূচি ভেঙে পড়ছে। একটি গাড়ি কয়েক ঘণ্টা যানজটে আটকে থাকলে পরবর্তী ট্রিপেও এর প্রভাব পড়ছে।

চালকদের ভাষ্য, স্বাভাবিক সময়ে কুমিল্লা থেকে ঢাকায় পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগলেও বর্তমান পরিস্থিতিতে ১০ ঘণ্টাতেও গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে সংশ্লিষ্টরা দ্রুত সেতুর সংস্কারকাজ শেষ করে যানবাহন চলাচল স্বাভাবিক করার পাশাপাশি মহাসড়কে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের দাবি জানিয়েছেন।


#ঢাকা_চট্টগ্রাম_মহাসড়ক #যানজট #কুমিল্লা #সোনারগাঁ #দাউদকান্দি #আষাঢ়িয়ার_চর #যাত্রী_দুর্ভোগ #দৈনিক_শীর্ষ_অপরাধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights