• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

পরকীয়া সম্পর্কের জেরে সৌদি প্রবাসীকে হত্যা, মরদেহ ৭ টুকরা

ByShirso aparadh

মে ১৮, ২০২৬

রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের রহস্য উদঘাটনের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। নিহত ব্যক্তি সৌদি প্রবাসী মুকাররম বলে শনাক্ত হয়েছে। পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিকা ও তার এক সহযোগী মিলে তাকে হত্যা করেছে বলে জানিয়েছে র‍্যাব।

সোমবার (১৮ মে) র‍্যাব-৩ জানায়, প্রায় ৫ লাখ টাকা আত্মসাৎকে কেন্দ্র করে পরকীয়া প্রেমিকা ও তার বান্ধবী পরিকল্পিতভাবে মুকাররমকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে। পরে মরদেহ সাত টুকরা করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।

এর আগে রোববার বিকেলে মুগদার মান্ডা আবদুল গনি রোডের শাহনাজ ভিলার সামনের একটি বেজমেন্টের নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহের সাতটি খণ্ড উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া অংশগুলো অর্ধগলিত ছিল। প্রথমদিকে মরদেহের মাথা পাওয়া না গেলেও পরে পৃথক অভিযানে সেটিও উদ্ধার করা হয়।

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহের মাথা, হাত ও পা বিচ্ছিন্ন অবস্থায় ছিল। তাদের ধারণা, অন্য কোথাও হত্যার পর লাশ এনে সেখানে ফেলে রাখা হয়েছিল।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে র‍্যাব। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মধ্যরাতে পার্শ্ববর্তী মানিকনগর এলাকায় অভিযান চালিয়ে নিহতের মাথার অংশ উদ্ধার করা হয়।

মুগদা থানা-এর উপ-পরিদর্শক অনুপ বিশ্বাস জানান, একটি বাড়ির পাশের গলি থেকে মাথার অংশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যার পর পরিচয় গোপন ও আলামত নষ্ট করতেই মরদেহ টুকরো করা হয়। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন বলেন, মান্ডা প্রথম গলির আব্দুল করিম রোডের ২৬০/১ নম্বর শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে প্রথমে মরদেহ উদ্ধার করা হয়। সেখানে সাত টুকরো অবস্থায় দেহটি পাওয়া যায়। পরে পাশের ময়লার স্তূপে তল্লাশি চালিয়ে মাথা উদ্ধার করা হয়। মরদেহটি পচাগলা অবস্থায় ছিল।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ছয় দিন আগে অন্য কোথাও ওই ব্যক্তিকে হত্যা করা হয়। পরে মরদেহ টুকরো করে পলিথিনে ভরে ঘটনাস্থলে এনে রাখা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে ময়নাতদন্তের জন্য মরদেহের খণ্ডিত অংশ পাঠানো হয়েছে। তবে এখনো নিহতের হাতের একটি অংশ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights