পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। ঈদযাত্রায় যাত্রীসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি পেট্রোবাংলা-এর চেয়ারম্যানকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
চিঠিতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ঈদের দিনসহ আগের সাত দিন ও পরের পাঁচ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে।
সে অনুযায়ী আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা চালু থাকবে।
এদিকে কোরবানির ঈদ উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে। তবে ঈদের আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে বলে জানিয়েছে সরকার।
