• মঙ্গল. জুলা ২১, ২০২৬

মধুপুরের আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের আস্তানা, নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

ByShirso aparadh

জুলা ২১, ২০২৬

আঃ হামিদ | মধুপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকার একটি সরকারি আশ্রয়ণ প্রকল্পে মাদকসেবীদের অবাধ আনাগোনা ও মাদকসেবনের অভিযোগ উঠেছে। পরিত্যক্ত ঘরগুলোকে কেন্দ্র করে গড়ে ওঠা এসব আড্ডায় আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

স্থানীয়দের অভিযোগ, ভূমিহীন ও গৃহহীন মানুষের পুনর্বাসনের লক্ষ্যে ২০১২ সালে প্রায় ৬ একর জমির ওপর ১৫০টি পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পটি নির্মাণ করা হলেও বর্তমানে সেখানে মাত্র ৭ থেকে ১০টি পরিবার বসবাস করছে। অধিকাংশ ঘর দীর্ঘদিন ধরে খালি পড়ে থাকায় সেগুলো মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।

মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা মো. সানোয়ার হোসেন বলেন, প্রকল্পের পাশেই একটি উচ্চবিদ্যালয় ও শিক্ষার্থীদের আবাসিক মেস রয়েছে। রাত গভীর পর্যন্ত পরিত্যক্ত ঘরগুলোতে মাদকসেবীদের আনাগোনা ও নেশার আসর বসায় শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এতে অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সন্ধ্যার পর থেকেই অপরিচিত ব্যক্তিদের যাতায়াত বেড়ে যায়। এর ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধের আশঙ্কা তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী দ্রুত পরিত্যক্ত ঘরগুলো প্রকৃত উপকারভোগীদের মধ্যে বরাদ্দ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করার পাশাপাশি মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights