• মঙ্গল. জুলা ২১, ২০২৬

রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা: আসামিদের গ্রেপ্তার ও মাদকমুক্ত উপজেলার দাবিতে বিক্ষোভ

ByShirso aparadh

জুলা ২১, ২০২৬

সিমান্ত তালুকদার | রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের রায়গঞ্জে আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামিসহ জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে উপজেলাজুড়ে মাদকের বিস্তার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং রায়গঞ্জকে মাদকমুক্ত ঘোষণার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে ধানগড়া সেন্টার পয়েন্টে জনতা ব্যাংক সংলগ্ন মিলন পাঠাগারের সামনে থেকে স্থানীয় ছাত্র-যুব সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসাইন শোহান এবং বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুর রউফ শোভন তমাল সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আব্দুর রহমান হত্যা মামলার প্রধান আসামিসহ জড়িত প্রত্যেককে দ্রুত আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের দাবি জানান তারা।

তাদের অভিযোগ, মাদকের বিস্তারের কারণে এলাকায় অপরাধ, সহিংসতা ও সামাজিক অস্থিরতা বাড়ছে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, গত ১৪ জুলাই রাতে রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া মধ্যপাড়ায় সংঘর্ষে আব্দুর রহমান ও তাঁর ভাই হাছান শেখ গুরুতর আহত হন। পরিবারের অভিযোগ, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডাকে কেন্দ্র করে সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্রের হামলায় দুই ভাই আহত হন। পরে আব্দুর রহমানকে ঢাকায় নেওয়া হলে ১৭ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আহত হাছান শেখ বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আব্দুর রহমানের মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীরা দ্রুত বিচার, দোষীদের সর্বোচ্চ শাস্তি এবং রায়গঞ্জে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights