• মঙ্গল. জুলা ২১, ২০২৬

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট, লাউঞ্জ ও অগ্রাধিকার সেবা; বিশেষ সুবিধার ঘোষণা

ByShirso aparadh

জুলা ২১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারি সেবাকে আরও সহজ ও সুবিধাজনক করতে প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট, লাউঞ্জ ব্যবহারসহ বিভিন্ন বিশেষ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে সরকার।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয়’ শীর্ষক এক অবহিতকরণ সভায় এ ঘোষণা দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। সভায় তিনি সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, সরকার প্রবাসীদের জন্য উন্নত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে চালু করা হয়েছে শাটল বাস সার্ভিস

তিনি আরও বলেন, প্রবাসীরা যেন বিমানবন্দরে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে এবং সেবার মান উন্নয়নে কাজ করছে।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতে প্রবাসী কার্ডধারীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এছাড়া প্রবাসীদের জন্য প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা চালুর উদ্যোগও নেওয়া হবে, যা প্রবাসী কার্ডের মাধ্যমে পাওয়া যাবে।

অনুষ্ঠানের শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত প্রবাসী কার্ড বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এছাড়া দুই মন্ত্রণালয় এবং তাদের অধীনস্থ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights