• মঙ্গল. জুলা ২১, ২০২৬

বগুড়ায় পুকুরে ডুবে ভাইবোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

ByShirso aparadh

জুলা ২১, ২০২৬

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে গোসল করতে নেমে ভাইবোনসহ তিন শিশুর করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা আদর্শ গুচ্ছগ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

নিহতরা হলো—ফারুকের ছেলে ফাহিম (৮), মেয়ে সুরাইয়া খাতুন (৫) এবং একই গ্রামের রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)

স্থানীয় সূত্র জানায়, দুপুরে তিন শিশু একসঙ্গে গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পানির গভীরে তলিয়ে যায় তারা। পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি একটি শিশুকে ডুবে যেতে দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেন। প্রথমে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা অপর শিশুর মরদেহ উদ্ধার করেন।

নিহত জাকিরুলের নানা রফিকুল ইসলাম জানান, তিন শিশুর কেউই সাঁতার জানত না। কীভাবে তারা পুকুরে নেমেছিল, তা পরিবারের কেউ বুঝতে পারেননি।

ফাহিম ও সুরাইয়ার মা মালেকা বেগম জানান, তিনি প্রতিদিনের মতো কাজে ছিলেন। খবর পেয়ে বাড়িতে ফিরে এসে দেখেন, তার আদরের দুই সন্তান আর বেঁচে নেই।

অন্যদিকে জাকিরুলের বাবা রাশেদুল ইসলাম বলেন, শিশুরা একসঙ্গে খেলছিল। পরে কীভাবে পুকুরে চলে গেছে, তা কেউ খেয়াল করেনি।

কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সবুজ হোসেন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করেছিলেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তৃতীয় শিশুর মরদেহ উদ্ধার করেন।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো জানান, গোসল করতে নেমে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার পর কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights