• শুক্র. সেপ্টে ১১, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

মোদীর বাসভবনের সামনে রাহুলের বিক্ষোভ, পদত্যাগের দাবি

BySarker

জুলা ২১, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে কংগ্রেস। বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এবং দলের জ্যেষ্ঠ নেতারা ৭, লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান নেন। তারা সড়কে বসে বিভিন্ন স্লোগান দেন এবং সাম্প্রতিক পুলিশি অভিযানের প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংকে ঘটনাস্থলে পাঠায়। তিনি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। একই সময়ে পুলিশ শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করার আহ্বান জানায় এবং প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে নিরাপত্তা আরও জোরদার করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাহুল গান্ধী অভিযোগ করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। তিনি এ ঘটনার জবাবদিহি দাবি করে বলেন, দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে সরকারের ব্যর্থতার দায়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

কংগ্রেসের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সম্ভাব্য গ্রেপ্তার এড়াতে বিক্ষোভকারীরা নিজেদের হাত প্লাস্টিকের জিপ-টাই দিয়ে একসঙ্গে বেঁধে রাখেন। এদিকে নতুন করে কেউ যাতে বিক্ষোভস্থলে পৌঁছাতে না পারেন, সেজন্য রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত ব্যারিকেড বসায় পুলিশ।

কংগ্রেসের সংসদ সদস্য সৈয়দ নাসির হুসেইন বলেন, তাদের দাবি একটাই—ঘটনার পূর্ণাঙ্গ জবাবদিহি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ।

এর আগে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে পুলিশি অভিযানে আহত আন্দোলনকারীদের খোঁজখবর নেন।

উল্লেখ্য, সোমবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল করে সিজেপি সমর্থকেরা। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আয়োজিত ওই কর্মসূচিতে পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে এবং বহু মানুষ আহত হন।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights