• বুধ. জুলা ২৯, ২০২৬

ফ্রান্সে দাবানলের তাণ্ডব, বোর্দোর দুয়ারে আগুন

ByShirso aparadh

জুলা ২৮, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক:
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। আগুন ইতোমধ্যে বোর্দো শহরের প্রায় ১৫ কিলোমিটার দূরত্বে পৌঁছে যাওয়ায় স্থানীয় প্রশাসনের উদ্বেগ বেড়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় নিরাপদ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কার্যক্রম জোরদার করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটি এমন ভয়াবহ দাবানলের মুখোমুখি খুব কমই হয়েছে। উচ্চ তাপমাত্রা ও প্রবল বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীরা কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশজুড়ে ২ লাখ ২০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জিরোন্দ অঞ্চলে প্রায় ৪২ হাজার হেক্টর বন ও ভূমি পুড়ে গেছে। আগুনে অন্তত ২৪০টি বসতবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

এদিকে, প্রতিবেশী স্পেনেও একই সময়ে ভয়াবহ দাবানল অব্যাহত রয়েছে। রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চল থেকে এক লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে প্রায় ২৭ হাজার হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চললেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, চলতি বছরের শুরু থেকে দেশে ১ লাখ ১৬ হাজার হেক্টরের বেশি এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে ১৩ হাজার ৫০০টিরও বেশি দাবানলের ঘটনা নথিভুক্ত হয়েছে। তার ভাষ্য, অধিকাংশ দাবানলের পেছনে মানুষের অসাবধানতা কিংবা ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর ঘটনা দায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights