
> হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ
নাহিদা আক্তার লাকী, খুলনা :
খুলনা মহানগরীর আড়ংঘাটা রেলস্টেশনের সামনে থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ইমন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ইমন আড়ংঘাটা এলাকার বাসিন্দা সোবহান শেখের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করার পর মরদেহটি রেলস্টেশনের সামনে ফেলে রেখে যায়। তবে হত্যার পেছনের উদ্দেশ্য কিংবা জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে। এরপর ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করা হয়।
এদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আশপাশের তথ্য-উপাত্ত সংগ্রহ, সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন সূত্র যাচাই করা হচ্ছে।
পুলিশ মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
