
নিজস্ব প্রতিবেদক:
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে দায়িত্ব পালন শুরু করেছেন। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো তিনি বঙ্গভবনে এসে সরকারি কার্যক্রমে অংশ নেন।
বেলা প্রায় সোয়া ১১টায় বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক-২-এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে স্বাগত জানায়। এরপর পিজিআরের একটি চৌকস দল তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম অক্টাগনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ে প্রবেশ করে সেখানে কর্মরত জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তাকে অবহিত করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এ আনুষ্ঠানিক কার্যক্রমের মধ্য দিয়ে বঙ্গভবনে তার দাপ্তরিক দায়িত্ব পালনের সূচনা হলো।
