
আন্তর্জাতিক ডেস্ক:
জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে উদ্ধার ও তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে।
জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পে কাশিমা টাউনের একটি ইয়ন শপিংমল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে ওই শপিংমলে একটি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানায়।
স্থানীয় সংবাদমাধ্যম টিবিএস পুলিশের বরাতে জানিয়েছে, এ ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। এছাড়া অন্তত ৫০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে নিশ্চিত করেছে এনএইচকে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বেশ কয়েকজন আহত হয়েছেন। বিভিন্ন এলাকায় ভবন, সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি স্থানে আগুন লাগার ঘটনাও ঘটেছে। উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় তৎপর রয়েছে।
ভূমিকম্পের পর সাময়িকভাবে সুনামির আশঙ্কা দেখা দিলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে উপকূলীয় এলাকায় বড় ধরনের সুনামির ঝুঁকি নেই। তবে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। উন্নত দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থা থাকা সত্ত্বেও এবারের ভূমিকম্পে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
#জাপান #ভূমিকম্প #কিউশু #কুমামোতো #শপিংমল_ধস #সুনামি #আন্তর্জাতিক_সংবাদ #দৈনিক_শীর্ষ_অপরাধ
