
নিজস্ব প্রতিবেদক
প্রান্তিক জনগণের জন্য উন্নত, সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোতে রোগীদের চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে চিকিৎসকদের আরও দায়িত্বশীল, মানবিক ও আন্তরিক হওয়ার ওপর জোর দিয়েছেন তিনি।
সোমবার (২০ জুলাই) বিকেলে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। এটাই প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ের অডিটরিয়ামে উপস্থিত হয়ে সরাসরি স্বাস্থ্যখাতের কার্যক্রম পর্যালোচনা করলেন।
বৈঠকের শুরুতে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর গত পাঁচ মাসে স্বাস্থ্যখাতে কী কী অগ্রগতি হয়েছে, সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত উপস্থাপনা শোনেন প্রধানমন্ত্রী। কর্মকর্তারা জানান, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্যখাত নানা সংকটে পড়লেও বর্তমান সরকার তা কাটিয়ে উঠতে ধারাবাহিকভাবে কাজ করছে।
আলোচনায় উপজেলা পর্যায়ে চিকিৎসকদের উপস্থিতি থাকলেও অনেক ক্ষেত্রে রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না—এমন অভিযোগ উঠে আসে। এ বিষয়ে প্রধানমন্ত্রী দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, গ্রামের মানুষ যেন চিকিৎসার জন্য অযথা ভোগান্তির শিকার না হন। সরকারি হাসপাতালেই তারা যেন সহজে চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পান—সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সরকারি হাসপাতালকে সাধারণ মানুষের আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
কিডনি রোগীদের চিকিৎসা সহজলভ্য করতে প্রধানমন্ত্রী নতুন উদ্যোগের কথাও জানান। তিনি বলেন, বর্তমানে জেলা পর্যায়ে যেখানে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ৫০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা পর্যায়ে ধাপে ধাপে ডায়ালাইসিস সেন্টার স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এজন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরি এবং আধুনিক যন্ত্রপাতি ও লজিস্টিক সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।
এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সরকারি উদ্যোগ নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীরা অবকাঠামো সম্প্রসারণের নকশা, নির্মাণ পরিকল্পনা এবং প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলো উপস্থাপন করেন।
বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, প্রতিমন্ত্রী, স্বাস্থ্যসেবা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
