
নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় দীর্ঘদিনের নিরাপদ সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সংকট নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। এ লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কাছে সাবমার্সিবল পাম্পযুক্ত নলকূপ, পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ, টুইন-পিট ল্যাট্রিন, কমিউনিটি টয়লেট ও পাবলিক টয়লেট বরাদ্দের অনুরোধ জানিয়ে একটি ডিও (আধা-সরকারি) পত্র পাঠানো হয়েছে।
গত ২০ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পাঠানো ওই চিঠিতে আদর্শ সদর উপজেলার বর্তমান পানি ও স্যানিটেশন পরিস্থিতির বিস্তারিত তুলে ধরা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, দ্রুত নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির কারণে আদর্শ সদর উপজেলার অধিকাংশ ইউনিয়নে নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিদ্যমান অনেক নলকূপে আর্সেনিক, অতিরিক্ত আয়রন এবং বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে নারী, শিশু, বয়স্কসহ সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।
এছাড়া ২০২৪ সালের ভয়াবহ বন্যায় উপজেলার অসংখ্য ব্যক্তিগত নলকূপ ক্ষতিগ্রস্ত হওয়ায় সংকট আরও প্রকট হয়েছে। শুষ্ক মৌসুমে ভূগর্ভস্থ পানির স্তর ১২ থেকে ১৫ মিটার নিচে নেমে যাওয়ায় অগভীর নলকূপ থেকেও পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে এলাকায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন এবং জনসমাগমস্থলে প্রয়োজনীয় গণশৌচাগারেরও তীব্র অভাব রয়েছে।
এই প্রেক্ষাপটে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের স্বার্থে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
চিঠিতে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—
- সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ স্থাপন এবং ১০টি পরিবারের সমন্বয়ে পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা।
- স্থানীয় চাহিদা অনুযায়ী কমিউনিটি-ভিত্তিক নিরাপদ পানির উৎস স্থাপন।
- দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে বিনামূল্যে টুইন-পিট ল্যাট্রিন বিতরণ।
- জনসমাগমপূর্ণ ও গুরুত্বপূর্ণ স্থানে কমিউনিটি টয়লেট এবং পাবলিক টয়লেট নির্মাণ।
চিঠির সঙ্গে এলাকার উপকারভোগী হিসেবে বিবেচিত কিছু মানুষের তালিকাও সংযুক্ত করা হয়েছে। তালিকা অনুযায়ী জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান এবং প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে আদর্শ সদর উপজেলার হাজারো মানুষ নিরাপদ সুপেয় পানি ও উন্নত স্যানিটেশন সুবিধা পাবেন। এর ফলে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পানিবাহিত রোগের ঝুঁকি কমবে এবং এলাকার সার্বিক জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
