
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি জানান, লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে হাজির করার পর আসামিপক্ষ থেকে কোনো আবেদন করা হয়নি। পরে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুনানির সময় প্রসিকিউশনের আরও কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী আবদুল্লাহ আল হারুন ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরদিন দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
প্রসিকিউশনের তথ্যমতে, শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।
এর আগে ২৭ জুলাই একই মামলায় প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং ১০ জনকে আদালতে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
মামলায় প্রসিকিউশন দুটি অভিযোগ উত্থাপন করেছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা এবং দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ড, হত্যাচেষ্টা, নির্যাতন ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।
