
নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ ও নোয়াদ্দা এলাকার খাল দখলকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় প্রশাসনের সহায়তায় উচ্ছেদ অভিযান চালানো হবে বলে সতর্ক করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাওসার আশা।
বৃহস্পতিবার (৩০ জুলাই) খাল খননকাজ পরিদর্শনকালে তিনি এ ঘোষণা দেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত সমাবেশও অনুষ্ঠিত হয়।
আবুল কাওসার আশা বলেন, সরকারি খাল ও জমি দখলের কোনো সুযোগ নেই। প্রভাবশালী ব্যক্তি বা ভূমিদস্যুদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি দাবি করেন, অধিকাংশ ক্ষেত্রে প্রভাবশালী মহলই সরকারি সম্পত্তি দখল করে রাখে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দখলদাররা নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণ না করলে প্রশাসন আইনগত প্রক্রিয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করবে।
রাজনৈতিক সচিব আরও বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে এবং আইনের প্রয়োগে ধনী-গরিব বা প্রভাবশালী-অপ্রভাবশালীর মধ্যে কোনো পার্থক্য করা হবে না।
পরিদর্শনকালে নবীগঞ্জ ও নোয়াদ্দা এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। তারা খাল দখলমুক্ত করার উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশাসনের এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
