রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত আলোচিত ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রেই অল্প সময়ের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
রামিসা হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে অভিযুক্ত সোহেল রানা। তদন্ত দ্রুত শেষ করে মামলার বিচারিক কার্যক্রমও স্বল্প সময়ের মধ্যে সম্পন্ন করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
বিচারহীনতার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ক্ষেত্রে বিচারহীনতা রয়েছে—এমন ধারণা সঠিক নয়। অনেক সময় আদালতীয় প্রক্রিয়ার কারণে বিচার বিলম্বিত হয়। তবে আলোচিত বিভিন্ন হত্যাকাণ্ডের মতো রামিসা হত্যার ঘটনাতেও সরকার দ্রুত বিচার নিশ্চিতে কাজ করছে।
তিনি আরও বলেন, আইন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং বিচার দ্রুত করতে গিয়ে যেন কোনো অবিচার না হয়, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। জনগণের আবেগ বা ক্ষোভের কারণে হঠাৎ করে আইন প্রণয়ন সবসময় কার্যকর নাও হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সকালে বলেন, মাগুরার আছিয়া ও ঢাকার রামিসার মতো ঘটনা দেশের মানবিক মূল্যবোধকে প্রশ্নের মুখে ফেলছে। তিনি জানান, পুলিশ কমিশনারকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ প্রথমে সোহেল রানার স্ত্রীকে আটক করে এবং পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করে। অভিযোগ রয়েছে, ধর্ষণের পর শিশুটিকে গলা কেটে হত্যা করা হয়।
