• মে ২১, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ

ByShirso aparadh

মে ২১, ২০২৬

নারায়নগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে বিএনপি নেতা ওসমান গনিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকাল থেকে আড়াইহাজার-গাউছিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহতের স্বজন ও স্থানীয় নেতাকর্মীরা। বিক্ষোভ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত ওসমান গনি (৪০) ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি আড়াইহাজার উপজেলার বড় বিনাইরচর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। বুধবার গভীর রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া এলাকায় হামলার শিকার হন তিনি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রমজান আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে ভেকু দিয়ে মাটি কাটাকে কেন্দ্র করে ওসমান গনির বিরোধ চলছিল। এর জের ধরে বুধবার রাতে রমজানের অনুসারীরা ধারালো অস্ত্র নিয়ে ওসমান গনির ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে আড়াইহাজার জবেদ আলী মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার সকাল থেকেই এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। নিহতের স্বজন ও দলীয় নেতাকর্মীরা সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির কার্যক্রম চললেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় পরিস্থিতি সহিংস রূপ নেয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে এবং মূল অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights