• বুধ. জুন ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

মধ্যরাতে সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে ১৯ ইউনিট, ৫ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে, নিহত ১।

Byadmin

ডিসে. ২৬, ২০২৪


নিজস্ব প্রতিবেদক : দেশের প্রশাসনিক কেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয়ের একটি ভবনে মধ্যরাতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস বলছে, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ইউনিট বাড়ানো হচ্ছে।

এদিকে সচিবালয়ে আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হওয়া এক ফায়ার সার্ভিসের কর্মীর মৃত্যু হয়েছে।রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করা সার্ভিস কর্মীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া সেই কাভার্ডভ্যান চালককে আটক করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, গণপূর্ত ভবনের সামনে দিয়ে ওই কাভার্ডভ্যান চালক দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছিল। শিক্ষার্থীরা সামনে গিয়ে ব্যারিকেড দিলে চালক কাভার্ডভ্যান থামান। পরে তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত লোকজন চালককে মারতে উদ্যত হন, কিন্তু সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেখানে আর কাউকে চাপা দিয়েছে কি না, জানতে চাইলে শিক্ষার্থীরা জানান, আর কাউকে চাপা দেয়নি, তবে তাদেরকে টাকা দিয়ে রফাদফার প্রস্তাব দিয়েছিল ড্রাইভার।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পায় দিবাগত রাত ১টা ৫২ মিনিটে। ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য আটটি ইউনিট কাজ করলেও, পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। তাৎক্ষিণভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ভোর সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ফায়ার সার্ভিসের ১৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের কারণে প্রচুর ধোঁয়া ও তাপ সৃষ্টি হয়েছে। ফায়ার কর্মীর আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, সচিবালয়ের সাত নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

আগুনে লাগার পর সচিবালয়ের আশপাশের এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা রয়েছেন। তাঁরা ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। এ ছাড়া সাধারণ মানুষকেও ঘটনাস্থলের আশপাশে দেখা গেছে। ভোরের আগ দিয়ে আগুন কিছুটা কমে আসে।

পরে ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ ভোর ৫টার দিকে ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের বলেন, রাত পৌনে ২টার দিকে আগুন লেগেছে বলে জানতে পেরেছেন তিনি। আগুন লাগার কারণ ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা পরে বলতে পারবেন। তবে আর না ছড়ালে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা যাচ্ছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights