• বুধ. জুন ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, শ্রমবাজার চালুর আশা

ByShirso aparadh

জুন ৩, ২০২৬

নিজস্ব প্রততনিধিঃ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর আমন্ত্রণে আগামী জুন মাসে দেশটি সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাব্য এ সফরে বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কূটনৈতিক সূত্র জানায়, সবকিছু ঠিক থাকলে ২১ ও ২২ জুন কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী। এরপর ২৩ থেকে ২৬ জুন তার চীন সফরেরও সম্ভাব্য সূচি নির্ধারণ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, মালয়েশিয়া সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে জনশক্তি রপ্তানি ও অভিবাসন। প্রায় দুই বছর ধরে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।

সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী ইঙ্গিত দিয়েছেন যে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে ইতিবাচক অগ্রগতি হচ্ছে এবং অল্প সময়ের মধ্যেই বিষয়টি স্পষ্ট হবে।

২০২৪ সালের ৩১ মে থেকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার কার্যত বন্ধ রয়েছে। এরপর বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও বাজারটি পুনরায় চালু করা সম্ভব হয়নি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে।

বিশেষজ্ঞদের মতে, শ্রমবাজার পুনরায় চালুর পাশাপাশি কর্মী নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। অতীতে নিয়োগ প্রক্রিয়ায় সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ থাকায় নতুন কোনো ব্যবস্থায় যেন একই ধরনের সমস্যা সৃষ্টি না হয়, সেদিকেও গুরুত্ব দিতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরকালে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে শ্রমবাজার ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি, উচ্চশিক্ষা, হালাল শিল্প, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, মালয়েশিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার। ২০২৩ সালে দেশটিতে সর্বোচ্চ ৩ লাখ ৫১ হাজার ৬৮৩ জন বাংলাদেশি কর্মী গিয়েছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights