• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ভাসানী -জিয়া এবং ধানের শীষ প্রতীক

Byadmin

এপ্রিল ১৬, ২০২৬
  • মাকসুদেল হোসেন খান মাকসুদ

বাংলাদেশের রাজনীতিতে ধানের শীষ প্রতীক কেবল একটি চিহ্ন নয়। এটি ইতিহাস, আদর্শ, সংগ্রাম এবং গনমানুষের আবেগের বহিঃপ্রকাশ। সেই অর্থে ‘ধানের শীষ’ প্রতীকটি শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটা প্রমাণিত। এটি গ্রামীণ জনপদে, কৃষক সমাজ এবং উৎপাদনমুখী অর্থনীতির প্রতীকী ভাষ্য। সাম্প্রতিক সময়ে এই প্রতীককে ঘিরে যে আলোচনা, বিতর্ক এবং ব্যাখ্যা-বিশ্লেষণ সামনে এসেছে, তা নতুন করে ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়কে আলোচনায় নিয়ে এসেছে।
গত ১৪ এপ্রিল, বাংলা নববর্ষের প্রথম দিন, দেশের রাজনৈতিক অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা আসে। দেশের প্রকৃত কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়ার উদ্যোগ নিঃসন্দেহে কৃষিনির্ভর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। এই কর্মসূচির উদ্বোধন হয় টাঙ্গাইলে। যা মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিধন্য ভূমি হিসেবে বিশেষ পরিচিত। এই স্থান নির্বাচন নিজেই একটি প্রতীকী বার্তা বহন করে, যা দেশের কৃষক-শ্রমিক রাজনীতির ঐতিহ্যের সঙ্গে বর্তমান উদ্যোগের একটি সেতুবন্ধন রচনা করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে ধানের শীষ প্রতীকের ইতিহাস প্রসঙ্গে যে আলোচনা উঠে আসে, তা রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দেয়। তবে এই বিতর্কের কেন্দ্রে রয়েছে মূলত একটি সময়গত বিভ্রান্তি, বিষয়গত নয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ধানের শীষ প্রতীকের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতা- পরবর্তী রাজনৈতিক পুনর্গঠনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশ এক অনিশ্চিত সময় অতিক্রম করছিল। এই প্রেক্ষাপটে প্রবীণ রাজনীতিক মওলানা ভাসানী ছিলেন একটি প্রভাবশালী ও নৈতিক নেতৃত্বের প্রতীক। ১৯৭৬ সালের অক্টোবর মাসে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে রাজনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয় এবং তার অনুসারীরা হাসপাতালে ভিড় জমাতে থাকেন। সেই সময়ের সেনাপ্রধান ও উপ-সামরিক প্রশাসক জিয়াউর রহমান তাকে দেখতে পিজি হাসপাতালে ছুটে যান। ঐতিহাসিক সূত্রে জানা যায়, ঐ সাক্ষাৎ শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল না; বরং ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নিয়েও তাদের মধ্যে পারস্পরিক আলোচনা হয়। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, নির্বাচন এবং দলীয় কাঠামো গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তর কথা হয়।
আলোচনার এক পর্যায়ে মওলানা ভাসানী নির্বাচন আয়োজনের আগে একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, প্রস্তুতি ছাড়া নির্বাচন দিলে একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তি পুনরায় ক্ষমতায় ফিরে আসতে পারে। এই প্রেক্ষাপটে তিনি তার নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টির ‘ধানের শীষ’ প্রতীক জিয়াউর রহমানের প্রতি আস্থার প্রতীক হিসেবে অর্পণ করার কথা বলেন। এমন একটি বর্ণনা বিভিন্ন রাজনৈতিক স্মৃতিচারণ ও বিশ্লেষণে বহুবার উঠে এসেছে। যা প্রত্যক্ষদর্শীর বরাতে পাওয়া যায়।
এই ঘটনার অল্প কিছুদিন পর, ১৯৭৬ সালের ১৭ নভেম্বর, মওলানা ভাসানীর মৃত্যু, দেশের রাজনীতিতে এক শূন্যতার সৃষ্টি করে। তার মৃত্যু শুধু একজন নেতার প্রয়াণ নয়, বরং একটি যুগের অবসান হিসেবেও বিবেচিত হয়। পরবর্তীতে মশিউর রহমান (যাদু মিয়া)-এর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি জাতীয়তাবাদী জোটে যোগ দেয় এবং ধীরে ধীরে রাজনৈতিক পুনর্গঠনের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে একীভূত হয়। এর ধারাবাহিকতায় ‘ধানের শীষ’ প্রতীকটি বিএনপির রাজনৈতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি, ধানের শীষ প্রতীকটি বিএনপির আনুষ্ঠানিক প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার প্রক্রিয়া একটি ধারাবাহিক রাজনৈতিক বিবর্তনের ফল। এটি কোনো একদিনে বা একটি ঘোষণার মাধ্যমে সম্পন্ন হয়নি। বরং ১৯৭৬ থেকে পরবর্তী কয়েক বছরের রাজনৈতিক পরিবর্তন, জোট গঠন এবং দলীয় পুনর্গঠনের মধ্য দিয়ে এটি চূড়ান্ত রূপ পায়।
সাম্প্রতিক আলোচনায় যে বিষয়টি বেশি গুরুত্ব পাচ্ছে তা হলো, টাঙ্গাইলের জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে সময় উল্লেখে সামান্য ভুল। কিন্তু ইতিহাসের বিচারে এটি কোনো মৌলিক বিভ্রান্তি সৃষ্টি করে না। বরং এখানে গুরুত্বপূর্ণ হলো ঘটনাটির সারবস্তু। যা রাজনৈতিক আস্থা, নেতৃত্বের ধারাবাহিকতা এবং প্রতীকের উত্তরাধিকার নিয়ে। ইতিহাসে এমন সময়গত বিভ্রান্তি নতুন নয়। অনেক ক্ষেত্রেই মৌখিক বক্তব্যে বছর বা তারিখের সামান্য অমিল দেখা যায়, যা পরবর্তীতে গবেষণা ও দলিলের মাধ্যমে সংশোধিত হয়। তাই একটি বক্তব্যের সনগত ত্রুটিকে কেন্দ্র করে মূল বিষয়কে আড়াল করা যুক্তিসঙ্গত নয়।
অন্যদিকে, ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচিকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা মূলত তথ্যপ্রযুক্তির অপব্যবহার এবং বিভ্রান্তি ছড়ানোর একটি উদাহরণ হিসেবেই প্রতীয়মান হয়। কিছু ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা Ai ব্যবহার করে তৈরি বা বিকৃত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ভিন্নধর্মী একটি বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। তবে ইতিবাচক দিক হলো, বর্তমান সময়ে জনগণের একটি বড় অংশ তথ্য যাচাই-বাছাইয়ে সচেতন হয়ে উঠেছে। তারা সহজেই প্রকৃত তথ্য ও অপপ্রচারের মধ্যে পার্থক্য করতে পারছে। ফলে বিভ্রান্তিমূলক প্রচারণা আগের মতো প্রভাব বিস্তার করতে পারছে না।
বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এখন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছে। তা হলো গঠনমূলক সমালোচনার চর্চা। সমালোচনা গণতন্ত্রের একটি অপরিহার্য উপাদান। তবে তা হতে হবে তথ্যনির্ভর, যুক্তিসম্মত এবং উদ্দেশ্যপ্রণোদিত বিভ্রান্তিমুক্ত। কেবল সমালোচনার জন্য সমালোচনা কিংবা তথ্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা গণতান্ত্রিক চর্চাকে দুর্বল করে। ধানের শীষ প্রতীক আজ যে অবস্থানে রয়েছে, তা একটি দীর্ঘ রাজনৈতিক যাত্রার ফল। এটি গ্রামীণ অর্থনীতি, কৃষকের অধিকার এবং জাতীয়তাবাদী রাজনীতির একটি শক্তিশালী প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতীকের সঙ্গে জড়িয়ে আছে সংগ্রাম, ত্যাগ এবং নেতৃত্বের ধারাবাহিকতার ইতিহাস।
বর্তমান প্রেক্ষাপটে কৃষক কার্ডের মতো উদ্যোগ যদি সঠিকভাবে বাস্তবায়িত হয়, তবে তা কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে এর সফলতা নির্ভর করবে সঠিক লক্ষ্য নির্ধারণ, স্বচ্ছতা এবং কার্যকর বাস্তবায়নের ওপর।
সবশেষে বলা যায়, ইতিহাসকে উপলব্ধি করতে হলে তার গভীরতা অনুধাবন করতে হয়। সামান্য ত্রুটি বা বিভ্রান্তিকে বড় করে দেখার চেয়ে মূল বিষয়কে গুরুত্ব দেওয়াই বাঞ্ছনীয়। ধানের শীষ প্রতীক যেমন একটি ঐতিহাসিক উত্তরাধিকার বহন করে, তেমনি এটি ভবিষ্যতের রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটাই প্রত্যাশা। সময়ের দাবি এখন একটি সুস্থ, যুক্তিনির্ভর এবং দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা।যেখানে সত্য প্রতিষ্ঠিত হবে, বিভ্রান্তি নয় এবং যেখানে ইতিহাসকে ব্যবহার করা হবে আলোকিত পথ নির্মাণে, বিভাজন সৃষ্টিতে নয়।

লেখক: নির্বাহী সম্পাদক, দৈনিক সংবাদ প্রতিদিন ও কলামিস্ট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights