• শুক্র. জুন ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বিএনপি ক্ষমতায় এলে লাকসাম-মনোহরগঞ্জে চাঁদাবাজ-দখলবাজ নির্মূল করা হবে: আবুল কালাম

Byadmin

ডিসে. ৪, ২০২৫

জেলা প্রতিবেদক কুমিল্লা :

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন, “আমি নির্বাচিত হলে লাকসাম-মনোহরগঞ্জে একটি আধুনিক নার্সিং ইনস্টিটিউট এবং একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করা হবে। যাতে আমাদের ছেলে-মেয়েরা আর লেবার ভিসায় বিদেশ যেতে বাধ্য না হয়। তারা আধুনিক প্রশিক্ষণ নিয়ে উচ্চ বেতনে বিদেশে কাজ করার সুযোগ পাবে।”

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে লাকসাম ও মনোহরগঞ্জ এলাকায় চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং দখলবাজদের কঠোরভাবে নির্মূল করা হবে। এসব অপরাধ যারা করে, তাদের প্রতিহত করা হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা—এই সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের নির্মূল করতে হবে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে মনোহরগঞ্জ উপজেলার বান্দুয়াইন মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, “বিএনপি আবার ক্ষমতায় এলে তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান দেশের প্রতিটি গ্রামে পল্লী ক্লিনিক স্থাপন করবেন। অভিজ্ঞ সরকারি চিকিৎসকদের মাধ্যমে এসব ক্লিনিক পরিচালিত হবে এবং সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা পাবে।”

তিনি আরও বলেন, লাকসাম-মনোহরগঞ্জ দিয়ে প্রবাহিত ডাকাতিয়া খাল দখল হয়ে গেছে। দখল হওয়া খালগুলো পুনরুদ্ধার করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা হবে এবং ডাকাতিয়া নদীকে পরিবেশবান্ধব করা হবে।

স্থানীয় খিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুর আলম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান দোলনসহ স্থানীয় নেতাকর্মীরা।

শেষে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন আবুল কালাম।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights