• মঙ্গল. আগ ১৮, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

বাস টার্মিনালের চেহারা বদলাবে, ৪-৬ মাসে মিলবে দৃশ্যমান পরিবর্তন: শেখ রবিউল আলম

ByShirso Aparadh

জুন ১৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বাস টার্মিনালগুলোকে আধুনিক ও যাত্রীবান্ধব করতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন খাতের উপদেষ্টা শেখ রবিউল আলম। তিনি বলেন, প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে দূরপাল্লার বাসগুলোকে নির্ধারিত টার্মিনাল থেকেই পরিচালনা করা সম্ভব হবে।

শুক্রবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট থেকে দূরপাল্লার বাস চলাচল করায় যানজট ও জনভোগান্তি তৈরি হচ্ছে। তবে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনায় জানা গেছে, বর্তমান বাস টার্মিনালগুলোর পরিবেশ ও সুযোগ-সুবিধা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।

তিনি বলেন, সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে আধুনিক মানের যাত্রীসেবা নেই। অনেক ক্ষেত্রে পরিচ্ছন্নতা, নিরাপত্তা, অপেক্ষার স্থান এবং অন্যান্য মৌলিক সুবিধার ঘাটতি রয়েছে। ফলে যাত্রীরা সেখানে যেতে আগ্রহ বোধ করেন না।

উপদেষ্টা জানান, টার্মিনালগুলোর উন্নয়নে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেখানে উন্নতমানের টয়লেট, পর্যাপ্ত ফ্যান, বিশ্রাম ও অপেক্ষার জন্য বড় কক্ষ, পরিচ্ছন্ন পরিবেশ এবং যাত্রীবান্ধব সুবিধা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, বাস মালিক সমিতির প্রতিনিধিরা জানিয়েছেন, উপযুক্ত পরিবেশ ও জায়গা নিশ্চিত করা হলে তারা নিজেদের উদ্যোগেও প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলবেন। এ বিষয়ে তারা সরকারের সঙ্গে একমত হয়েছেন।

নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে শেখ রবিউল আলম বলেন, মেট্রোপলিটন পুলিশ টার্মিনাল এলাকায় নিরাপত্তা জোরদার করবে। পর্যাপ্ত সড়কবাতি, সিসি ক্যামেরা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়ন ঘটানো হবে, যাতে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন।

তিনি জানান, কয়েকদিন আগে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে প্রয়োজনীয় সময় দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উন্নয়ন কাজ শেষ হলে ধাপে ধাপে বাসগুলোকে নির্ধারিত টার্মিনালে স্থানান্তর করা হবে।

শেখ রবিউল আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী চার থেকে ছয় মাসের মধ্যে রাজধানীর বাস টার্মিনালগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে। পুরোপুরি আধুনিকায়ন না হলেও যাত্রীসেবার মান এবং পরিবেশের উন্নতি দৃশ্যমান হবে।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফের সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights