• শুক্র. জুন ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

​শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই আসল লক্ষ্য: প্রধানমন্ত্রী

ByShirso aparadh

জুন ১৯, ২০২৬

মাদক ও মোবাইল আসক্তি রুখতে পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে খেলাধুলা

নিজস্ব প্রতিবেদক | শীর্ষ অপরাধ

ঢাকা, ১৯ জুন ২০২৬

​‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য পাঠ্য বিষয় শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অনস্বীকার্য।’

​আগামীকাল থেকে শুরু হতে যাওয়া ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

​মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলা

​প্রধানমন্ত্রী তাঁর বাণীতে সামাজিক অবক্ষয় ও অপরাধ দমনে খেলাধুলার ভূমিকার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, শুধু তাত্ত্বিক শিক্ষা নয়, এখন থেকে ব্যবহারিক ক্লাস ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ক্রীড়া কার্যক্রমে অংশ নিতে হবে। বর্তমান সময়ে কিশোর ও তরুণ প্রজন্মের মধ্যে বাড়তে থাকা মাদকাসক্তি এবং ক্ষতিকর মোবাইল ফোন আসক্তির মতো ভয়াবহ সামাজিক ব্যাধি ও অপরাধমূলক প্রবণতা রুখে দিতে এই উদ্যোগ অন্যতম সহায়ক ভূমিকা পালন করবে।

​পাঠ্যক্রমে আসছে বৈপ্লবিক পরিবর্তন

​সরকারের নির্বাচনি ইশতেহার ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষাখাতকে আধুনিক ও সময়োপযোগী করার কাজ চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতার পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

​কলেবরে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট

​প্রকাশিত সরকারি নীতিমালা অনুযায়ী, এবারের টুর্নামেন্টে দেশের সর্বমোট ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৯ লাখ ৪৮ হাজার ৯৫৬ জন বালক ও বালিকা অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। এর মধ্যে ৪৬ লাখ ৯১ হাজার ৯৯৬ জন বালক এবং ৫২ লাখ ৫৬ হাজার ৯৬০ জন বালিকা রয়েছে।

​এ বছর সারা দেশে বালক ও বালিকা দল মিলিয়ে মোট ১ লাখ ২৩ হাজার ৯৭৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে, যা কলেবরের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হচ্ছে।

​প্রধানমন্ত্রী বিশ্বাস প্রকাশ করেন যে, এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী শিশুরাই আগামী দিনে দেশকে আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে আলোকিত করবে এবং মাদক ও অপরাধমুক্ত একটি সুস্থ সমাজ গঠনে অবদান রাখবে। তিনি এই টুর্নামেন্টের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights