• শুক্র. জুন ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

Byadmin

ডিসে. ৮, ২০২৫

প্রতিবেদন: সোহেল রানা:

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (পিডি) এ.এস.এম. আশরাফুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, টেন্ডার প্রক্রিয়ায় অনৈতিক প্রভাব বিস্তার এবং সম্পদ গোপনের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্র ও কয়েকজন ঠিকাদারের দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে কাজ বণ্টন ও বিল পরিশোধে অনিয়ম করে আসছেন তিনি।

সূত্র জানায়, “Development of Jetties and Infrastructure at Mirsarai & Sandwip at Chattogram, Subrang and Jaliar Dwip at Teknaf and Sonadia Dwip at Cox’s Bazar” শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নির্দিষ্ট কিছু ঠিকাদারকে অগ্রাধিকার দেন এবং কমিশন ছাড়া অনেক ক্ষেত্রে কাজ অনুমোদন দেন না—এমন অভিযোগ রয়েছে। কিছু ঠিকাদারের বক্তব্য, কাজ সম্পূর্ণ না করেই বিল উত্তোলনের ঘটনাও ঘটেছে বলে তাদের কাছে তথ্য রয়েছে।

এছাড়া, তাঁর নামে ও পরিবারের সদস্যদের নামে রাজধানীর বাসাবো, সবুজবাগ, মুগদামানডা, শান্তিনগরসহ ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় একাধিক ফ্ল্যাট, বাড়ি ও প্লট কেনার অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লা, কুষ্টিয়া, সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, ফতুল্লা, রূপগঞ্জ ও পূর্বাচল এলাকায়ও সম্পত্তি ক্রয়ের তথ্য সংগ্রহে রয়েছে বলে সূত্র দাবি করেছে। তবে এসব সম্পদের সত্যতা যাচাইয়ের প্রক্রিয়া এখনো চলমান।

আরও অভিযোগ করা হয়েছে, টেন্ডার প্রক্রিয়ায় “রেট কোড” প্রদান, কাজ ভাগাভাগি এবং কমিশন আদায়ের ক্ষেত্রে তিনি একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করছেন। নির্দিষ্ট হারের ঘুষ ছাড়া কোনো প্রকল্প এগোয় না—এমন অভিযোগও এসেছে একাধিক ঠিকাদারের কাছ থেকে।

এ বিষয়ে বক্তব্য জানতে এ.এস.এম. আশরাফুজ্জামানের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তার দপ্তরের অফিসিয়াল ইমেইলে যোগাযোগ করেও কোনো উত্তর পাওয়া যায়নি।

অভিযোগগুলোর বিষয়ে বিআইডব্লিউটিএর শীর্ষ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন কয়েকজন ঠিকাদার ও সচেতন নাগরিক। তারা বলেছেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এই প্রতিবেদনটি একটি চলমান অনুসন্ধানের অংশ। পরবর্তী পর্বে সংশ্লিষ্ট অন্যান্য নথিপত্র, প্রকল্প ব্যয়-সংক্রান্ত তথ্য ও নতুন সাক্ষ্য-প্রমাণ তুলে ধরা হবে।

(চলমান…)

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights