
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক সাবেক বাসচালকের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। জব্দ করা নগদ অর্থের পরিমাণ এত বেশি ছিল যে তা গণনার সময় পাঁচটি টাকা গণনার মেশিন বিকল হয়ে যায়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে মিনার মণ্ডল নামে এক ব্যক্তির বাড়ি থেকে মোট ২৮ কোটি রুপি নগদ এবং প্রায় ১৫ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ২১ কোটি রুপি।
পুলিশ জানিয়েছে, মিনার মণ্ডল একসময় বাসচালক হিসেবে কাজ করলেও পরে পাথর ব্যবসার সঙ্গে যুক্ত হন। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, উদ্ধার হওয়া অর্থ ও স্বর্ণ স্থানীয় ব্যবসায়ী তুলু মণ্ডল এবং তার সঙ্গে সংশ্লিষ্ট একটি সিন্ডিকেটের।
বুধবার রাত থেকে শুরু হওয়া অভিযানে প্রথমে কয়েক কোটি রুপি উদ্ধার হলেও পরবর্তী তল্লাশিতে নগদ অর্থের পরিমাণ বেড়ে ২৮ কোটিতে পৌঁছায়। তদন্তকারীরা এখন অর্থ ও স্বর্ণের প্রকৃত উৎস এবং এসব সম্পদ কীভাবে অর্জিত হয়েছে, তা খতিয়ে দেখছেন।
পুলিশের দাবি, মিনার মণ্ডলের সঙ্গে বিভিন্ন পাথর খনি ও ক্রাশিং ইউনিটের ব্যবসায়িক যোগাযোগ ছিল। তবে অভিযান পরিচালনার সুনির্দিষ্ট কারণ কিংবা অর্থগুলো কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক নেতা উদ্ধার হওয়া সম্পদের উৎস উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, এই অভিযানের পর স্থানীয় ব্যবসায়ী তুলু মণ্ডলের পরিবারের একটি জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানও নতুন করে আলোচনায় এসেছে। তদন্তকারীরা ওই ব্যয়বহুল আয়োজনের অর্থের উৎস নিয়েও তথ্য সংগ্রহ করছেন।
