
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন। তার এ সফরকে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এক বার্তায় জানান, বিশেষ দূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। তার সফরের মাধ্যমে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সফরের প্রথম দিনেই সার্জিও গরের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, আঞ্চলিক পরিস্থিতি এবং ঢাকা-ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।
এছাড়া সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, পেশাজীবী এবং নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে মতবিনিময়েরও পরিকল্পনা রয়েছে।
সফরের অংশ হিসেবে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনেরও সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
