• মে ২৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ফেঞ্চুগঞ্জের ছএিশ গ্রামে সরকারি গোপাট দখল: অবৈধ স্থাপনা উচ্ছেদে এলাকাবাসীর দাবি

Byadmin

নভে. ২৩, ২০২৫

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
ফেঞ্চুগঞ্জ উপজেলার ছএিশ গ্রামে সরকারি গোপাট ও পূর্বপাড়া রাস্তার অংশ দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত সরকারি জমির প্রায় তিন শতক অংশ দখল করে তিনি সেখানে পাকা ঘর, দোকানঘর ও একটি ব্যক্তিগত গ্যারেজ নির্মাণ করেছেন।

স্থানীয় সূত্র জানায়, দখলকৃত সরকারি জমিতে তৈরি এসব স্থাপনা থেকে ভাড়াযোগ্য কক্ষ, দোকান ও গ্যারেজ পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করা হচ্ছে। এতে সরকারি সম্পত্তির অপব্যবহার যেমন ঘটছে, তেমনি এলাকাবাসীর স্বাভাবিক চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

গ্রামবাসীরা অভিযোগ করে বলেন, দখল করা অংশের কারণে পূর্বপাড়া রাস্তা সংকুচিত হয়ে পড়েছে এবং অনেক ক্ষেত্রে রাস্তা দিয়ে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে। এতে রোগী পরিবহন, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং দৈনন্দিন যাতায়াতে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে।

ভুক্তভোগীদের ভাষ্য, কেউ প্রতিবাদ করতে চাইলে অভিযুক্ত ব্যক্তি প্রভাব দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। ফলে সাধারণ মানুষ মুখ খুললেও পরে এগিয়ে আসতে সাহস পান না। দীর্ঘদিন প্রশাসনের কার্যকর তদারকি না থাকায় দখল আরও স্থায়ী রূপ নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাঁদের দাবি—অবিলম্বে দখলকৃত সরকারি জমি উদ্ধারে অভিযান,সব অবৈধ স্থাপনা উচ্ছেদ,গোপাট ও পূর্বপাড়া রাস্তা জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা,দখলদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ

এলাকাবাসীর আশা, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সরকারি সম্পত্তি দখলমুক্ত হবে এবং তাঁদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights