সোহেল রানা:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনী ইশতেহারে দেশের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্যই বিশেষ পরিকল্পনা রাখা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবন-এ প্রশ্নোত্তর পর্বে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শ্রমিক, কৃষক, দিনমজুরসহ খেটে খাওয়া সকল মানুষের উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং প্রান্তিক নারী প্রধান পরিবারকে সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী আরও জানান, খাল খনন কর্মসূচি গ্রহণের ফলে কৃষির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
তিনি বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনাও নেওয়া হয়েছে, যা পরিবেশ রক্ষার পাশাপাশি নিম্নআয়ের মানুষের জন্য আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।
ধর্মীয় ব্যক্তিদের সহায়তার প্রসঙ্গে তিনি বলেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুদের জন্য সম্মানীর ব্যবস্থা চালু করা হয়েছে।
এছাড়া, পেশাদার খেলোয়াড় তৈরির লক্ষ্যে ‘ক্রীড়া কার্ড’ চালুর কথাও উল্লেখ করেন তিনি, যাতে দরিদ্র পরিবার থেকে উঠে আসা খেলোয়াড়রা তাদের স্বপ্ন পূরণ করতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের উন্নয়নে কাজ করছে এবং ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সকাল ১১টায় সংসদের কার্যক্রম শুরু হয়।
