• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দীর্ঘ আন্দোলনের পর দেশ গড়ার সময় এসেছে তারেক রহমান

Byadmin

ফেব্রু. ৯, ২০২৬

একরামুল হক :
ঢাকা-৯ আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের নির্বাচনী জনসভা বাসাবো বালুর মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বলেন দীর্ঘ আন্দোলনের পর এখন দেশ গড়ার সময় এসেছে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হলে পরদিন থেকেই অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি থেকে এলাকাবাসীর সেবায় উন্নয়ন কার্যক্রম শুরু করা হবে।

তারেক রহমান বলেন, নির্বাচনে বিএনপি বিজয়ী হলে ঢাকা-৯ আসনে দ্রুত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। পরিকল্পনার মধ্যে রয়েছে একটি আধুনিক খেলার মাঠ নির্মাণ, হাসপাতালের সুযোগ-সুবিধা সম্প্রসারণ, রাস্তাঘাটের উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসন। পাশাপাশি এলাকায় থাকা বাঁশের সেতুগুলো পর্যায়ক্রমে পাকা করার উদ্যোগ নেওয়া হবে।
প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকে ‘এলাকার সন্তান’ উল্লেখ করে তিনি বলেন, এলাকার মানুষের সুখ-দুঃখ বোঝেন এবং যাঁর বেড়ে ওঠা এই এলাকাতেই—এমন প্রতিনিধির মাধ্যমেই প্রকৃত উন্নয়ন সম্ভব। মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এমন ব্যক্তির পক্ষেই এলাকার চাহিদা যথাযথভাবে তুলে ধরা যায়।
জনসভার মূল বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, অনেক কথা হয়েছে, এবার কাজের সময়। ৫ আগস্ট স্বৈরাচারের বিদায়ের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছে। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু প্রতিনিধি নির্বাচনের দিন নয়, এটি বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।
বিগত সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, গত ১৬ বছরে মেগা প্রকল্পের নামে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। এর ফলে স্বাস্থ্যসেবা, সড়ক ব্যবস্থা ও মৌলিক অবকাঠামোর কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি দাবি করেন, এ সময় প্রায় ১৬ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার হয়েছে, অথচ হাসপাতালের সুযোগ-সুবিধার তেমন উন্নতি ঘটেনি।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে ভাঙাচোরা সড়ক সংস্কার, জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
দুর্নীতিমুক্ত প্রশাসন, শক্তিশালী আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং নারীদের শিক্ষা ও কর্মসংস্থানে বিএনপির সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দুর্নীতি দমন কমিশন গঠন করে প্রতিষ্ঠানটিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে একমাত্র বিএনপিই সক্ষম বলেও মন্তব্য করেন তিনি।
‘বিশ্বের অন্যান্য দেশ যদি জনগণকে সঙ্গে নিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারে, তাহলে বাংলাদেশ কেন পারবে না’—এই প্রশ্ন তুলে তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
জনসভা শেষে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হাবিবুর রশিদ হাবিবের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন এবং ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।

জনসভায় শিরিন সুলতানা, স্বনির্ভর বিষয়ক সম্পাদিকা জাতীয় নির্বাহী কমিটি, সবুজবাগ থানা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক বশিরুল আলম ফারুক, সাবেক ছাত্রনেতা সাঈদ উদ্দিন আহমেদ সুমন সহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার, হাজার নেতাকর্মী ,সমর্থক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights