নিজস্ব প্রতিবেদক:
মো. সাহাবুদ্দিন আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। একই সঙ্গে তিনি নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন।
বুধবার (১১ মার্চ) দুপুরে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর সংসদীয় দলের বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এর আগে বুধবার বেলা সোয়া ১১টার দিকে বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয় এবং দুপুর ১টার দিকে শেষ হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সরকার দলীয় সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরা অংশ নেন।
বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অধিবেশনের শুরুতে সভাপতিত্বের বিষয়সহ সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এছাড়া চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং নিজ নিজ সংসদীয় এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে সংসদ সদস্যদের আরও কীভাবে সম্পৃক্ত করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে।
