• বুধ. জুলা ১৫, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে সড়ক অবরোধ

ByShirso aparadh

জুলা ১৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের প্রতি অবমাননাকর মন্তব্যের অভিযোগ তুলে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার, সায়েন্সল্যাব মোড়সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এতে ওইসব এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সৃষ্টি হয় তীব্র যানজট।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’, ‘আমি কে, তুমি কে—ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ এবং ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারীদের অভিযোগ, সাম্প্রতিক টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলেও সরকার পরীক্ষা স্থগিতের দাবি উপেক্ষা করে এইচএসসি পরীক্ষা গ্রহণ করেছে। ফলে অনেক শিক্ষার্থীকে পানি ও কাদা পেরিয়ে, এমনকি কোথাও কোথাও নৌকায় করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়েছে। এতে তারা চরম ভোগান্তি ও মানসিক চাপের মুখে পড়েছেন।

শিক্ষার্থীরা জানান, আবহাওয়া ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা আমলে নেয়নি। এ কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

রাজধানীর শাহবাগ, মিরপুর ও সায়েন্সল্যাব ছাড়াও রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনেও একই ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীরা আট দফা দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—শিক্ষামন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, দুর্যোগকালীন পরীক্ষা স্থগিত, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ভুলের কারণে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের নম্বর প্রদান, শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং পরীক্ষা পদ্ধতির সংস্কার।

তাদের প্রধান তিনটি দাবি হলো—পরীক্ষা নেওয়ার উপযোগী পরিস্থিতি তৈরি না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ভুলের ক্ষতিপূরণ হিসেবে নম্বর প্রদান এবং পরীক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার।

আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে আন্দোলন আরও জোরদার করা হবে এবং তখন তাদের একমাত্র দাবি হবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এখনই দেখুন

Verified by MonsterInsights