• বৃহঃ. সেপ্টে ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

চট্টগ্রামের পাঁচ জেলা ছাড়া যথারীতি এইচএসসি পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে বিক্ষোভ

BySarker

জুলা ১৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম অঞ্চলের বন্যাকবলিত পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে শিক্ষামন্ত্রীও ভার্চুয়ালি অংশ নেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আপাতত চট্টগ্রাম অঞ্চলের ক্ষতিগ্রস্ত পাঁচ জেলা ছাড়া অন্য সব এলাকায় নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। তবে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোর পরীক্ষা আপাতত স্থগিত থাকবে।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা আয়োজন এবং শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। তারা শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। একই সময়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

অন্যদিকে উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার শাহীন আলম বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে আব্দুল্লাহপুর পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

বিক্ষোভকারীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’, ‘ভোগান্তির দায় নিতে হবে’ এবং ‘বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়’—এমন নানা স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিসংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, বন্যা, জলাবদ্ধতা ও বৈরী আবহাওয়ার বাস্তবতা বিবেচনায় না নিয়েই পরীক্ষা নেওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। অনেক শিক্ষার্থী দীর্ঘ যানজট ও যাতায়াত সংকটের কারণে নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেয়েছেন।

বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, সব পরীক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। তারা শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে পরীক্ষার বিষয়ে নতুন সিদ্ধান্ত এবং সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights