• শুক্র. জুলা ৩১, ২০২৬

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

ByShirso aparadh

জুলা ৩০, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মতি দিয়েছে মিয়ানমার। এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে এই প্রত্যাবাসন কার্যক্রম কখন শুরু হবে বা কত সময়ের মধ্যে সম্পন্ন হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করা হয়নি।

বুধবার (২৯ জুলাই) আনোয়ার ইব্রাহিম বলেন, দুই দেশের পারস্পরিক সমঝোতার অংশ হিসেবে মালয়েশিয়ায় অবস্থানরত প্রায় ৫ হাজার রোহিঙ্গাকেও প্রথম ধাপে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের এই অবস্থানকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে মালয়েশিয়া।

আনোয়ার ইব্রাহিমের ভাষ্য, আগে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে অনাগ্রহী ছিল। তবে সাম্প্রতিক আলোচনার ফলে পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং প্রত্যাবাসনের বিষয়ে দেশটি ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ ছাড়াও সংঘাতের কারণে পালিয়ে আসা বিপুলসংখ্যক রোহিঙ্গা বর্তমানে মালয়েশিয়ায় বসবাস করছেন। এ সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে, সম্প্রতি কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার কার্যালয়ের সামনে শতাধিক রোহিঙ্গা জড়ো হলে তাদের নিরাপত্তার স্বার্থে কুয়ালালামপুর, সেলাঙ্গর ও পেনাংয়ের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়।

মালয়েশিয়া সরকারের আশা, সংশ্লিষ্ট দেশগুলোর সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে এবং এ সংকটের একটি টেকসই সমাধান মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights