কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলার গোপালপুর গ্রামে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটাকে কেন্দ্র করে এক কৃষককে মারধর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত আবু তাহের উপজেলার গোপালপুর গ্রামের আরসাদ বেপারীর ছেলে। গুরুতর আহত অবস্থায় আবু তাহের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘ ৫ বছর ধরে আবু তাহের সরকারের ভর্তুকিতে পাওয়া আধুনিক কৃষি যন্ত্র হারভেস্টার দিয়ে স্থানীয় কৃষকদের স্বল্পমূল্যে ধান কেটে সহযোগিতা করে আসছেন। চলতি মৌসুমে ধান কাটার নির্ধারিত টাকা নিয়ে বিরোধের জেরে একই গ্রামের ইয়াছিনের ছেলে সাইমুন ও আবুল কাসেমের ছেলে হৃদয়সহ কয়েকজন তার ওপর চাপ সৃষ্টি করেন।
আবু তাহেরের দাবি, অভিযুক্তরা প্রতি ৩০ শতাংশ জমির ধান কাটার জন্য কৃষকদের কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়ার কথা বলে এবং সেই টাকা থেকে ২ হাজার টাকা করে চাঁদা দাবি করে। এতে রাজি না হওয়ায় তার ওপর হামলা চালানো হয়।
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় পিস্তলের বাট ও হাতে থাকা সুচালো আংটি দিয়ে তার মাথা, মুখ, নাক ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। এসময় হারভেস্টার মেশিনের চাকা কেনা ও তিন দিনের ধান কাটার প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা নগদ নিয়ে যায় হামলাকারীরা।
আবু তাহের জানান, এর আগেও অভিযুক্তরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। এ ঘটনায় তিনি তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এবিষয়ে অভিযুক্তদের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে, তাদের সংযোগ পাওয়া যায় নি।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে এবং তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ নেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
