• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

খুলনা-৫ ধানের শীষের প্রার্থীর সমন্বয়কারীর বিরুদ্ধে মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনী এজেন্টের অভিযোগ: কারণ দর্শানোর নোটিশ

Byadmin

ফেব্রু. ৪, ২০২৬

শাব্বির আহমদ
খুলনা জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে খুলনা-৫ আসনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবীর প্রধান নির্বাচনী সমন্বয়কারী ইবাদুল হক রুবায়েতের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোট সমর্থিত, জামায়াতে ইসলামি মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনী এজেন্ট অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস গত ২৮ জানুয়ারি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৭ জানুয়ারি মঙ্গলবার বাদ মাগরিব ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নে অনুষ্ঠিত একটি নির্বাচনী সভায় বিএনপি প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবীর সমন্বয়কারী ইবাদুল হক রুবায়েত প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর, পক্ষপাতমূলক, বিদ্বেষপূর্ণ, অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। অভিযোগ অনুযায়ী, ওই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মোহাম্মদ আলী আসগর লবী নামীয় আইডি থেকেও প্রচার করা হয়।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষ থেকে জানানো হয়, দাখিলকৃত অভিযোগ ও সংশ্লিষ্ট ফেসবুক ভিডিও পর্যালোচনা করে প্রাথমিকভাবে অভিযোগের আইনগত ভিত্তি পাওয়া গেছে। এ কারণে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৫(ক) ও ১৬(ছ) লঙ্ঘনের বিষয়টি প্রতীয়মান হয়েছে। যা একই বিধিমালার ২৭ নম্বর বিধি এবং The Representation of the People Order, 1972-এর Article 91B(3) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এ প্রেক্ষিতে ইবাদুল হক রুবায়েতকে খুলনা জেলা ও দায়রা জজ আদালত ভবনের চতুর্থ তলায় অবস্থিত অর্থঋণ আদালতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।
কারণ দর্শানোর নোটিশটি দ্রুত জারির জন্য খুলনা সদর থানার অফিসার ইনচার্জকেও নির্দেশ প্রদান করা হয়েছে। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষে কমিটির সদস্য খোকন হোসেন নির্দেশক্রমে নোটিশে স্বাক্ষর করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights