সোহেল রানা, ঢাকা, ৩ ফেব্রুয়ারি ২০২৬:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম পরিবর্তন করে নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (Special Intervention Force–SIF) করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র্যাব পুনর্গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ (অব.)-এর সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি র্যাবের নাম পরিবর্তন করে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’ নামকরণের সুপারিশ করে, যা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন।
তিনি আরও বলেন, খুব শীঘ্রই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রজ্ঞাপন জারির পর নতুন নামের এ ফোর্স নতুন উদ্যম ও উদ্দীপনা নিয়ে কার্যক্রম শুরু করবে। একইসঙ্গে বাহিনীটির পোশাকেও পরিবর্তন আনা হবে। তবে শুধু নাম ও পোশাক নয়, বাহিনীটির কার্যক্রমেও প্রয়োজনীয় সংস্কার আনা হবে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা ও সক্ষমতা সম্পর্কে জনগণকে অবহিত করতে আজ বিকেলে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রে একটি “Electoral Management Exercise” আয়োজন করা হয়েছে। এতে নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করবেন।
অন্যদিকে, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন অ্যান্ড প্ল্যান) ব্রিগেডিয়ার জেনারেল মো. আলী হায়দার সিদ্দিকী জানান, নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পর থেকে সশস্ত্র বাহিনী ১৯৯টি অস্ত্র ও ১ হাজার ৯৭২টি গোলাবারুদ উদ্ধার করেছে এবং ১ হাজার ৮০৭ জনকে গ্রেফতার করেছে।
তিনি বলেন, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সারাদেশে সশস্ত্র বাহিনীর ১ লাখ ৬ হাজার ২২৩ জন সদস্য মোতায়েন রয়েছে। এ পর্যন্ত পুলিশ ও র্যাবের খোয়া যাওয়া অস্ত্র থেকে ৪ হাজার ৪৩২টি, কারা কর্তৃপক্ষের হারিয়ে যাওয়া ৬৫টি অস্ত্র, লাইসেন্সকৃত ৩২৮টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ২ হাজার ৯০৬টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে মোট উদ্ধারকৃত অস্ত্রের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৩১টি।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
