• রবি. আগ ৩০, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ওআইসির নতুন মহাসচিব নির্বাচিত মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

ByShirso Aparadh

আগ ২৯, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম বৃহৎ আন্তঃসরকারি সংস্থা ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ। তিনি সংস্থাটির বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হবেন।

ওআইসির ৫৭ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের এক বৈঠকে তাকে নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ওআইসির সাধারণ সচিবালয়ের সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নতুন দায়িত্বে তিনি জেদ্দায় অবস্থিত ওআইসির সদর দপ্তর থেকে কার্যক্রম পরিচালনা করবেন। ওআইসির সনদ অনুযায়ী, মহাসচিবের মেয়াদ পাঁচ বছর এবং তা একবার নবায়নের সুযোগ রয়েছে।

ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল মহাসচিব নির্বাচন করে থাকে। এ ক্ষেত্রে ন্যায্য ভৌগোলিক প্রতিনিধিত্ব, পালাক্রমে দায়িত্ব প্রদান এবং সদস্য রাষ্ট্রগুলোর সমান সুযোগের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে প্রার্থীর দক্ষতা, সততা ও অভিজ্ঞতাও বিবেচনায় নেওয়া হয়।

সংস্থাটির সনদে আরব, আফ্রিকান ও এশীয় গোষ্ঠীর মধ্যে মহাসচিব পদ বণ্টনের কোনো নির্দিষ্ট ধারাবাহিকতা নেই। তবে পালাক্রম ও ন্যায্য ভৌগোলিক প্রতিনিধিত্বের নীতি অনুসরণ করে প্রার্থী নির্বাচন করা হয়।

ইসমাইল উলদ শেখ আহমেদের প্রার্থিতার প্রতি এরই মধ্যে আফ্রিকা মহাদেশের সমর্থন ছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়ন ২০২৭ থেকে ২০৩২ মেয়াদের জন্য ওআইসির মহাসচিব পদে তার প্রার্থিতাকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়।

তার নির্বাচনের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ আন্তঃসরকারি সংস্থাটির নেতৃত্বে আসছেন একজন মৌরিতানীয় কূটনীতিক। মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়াজুড়ে বিস্তৃত ওআইসির সদস্য রাষ্ট্রের সংখ্যা ৫৭টি। সংস্থাটির অধিকাংশ সদস্য দেশই মুসলিম-সংখ্যাগরিষ্ঠ।

ইসমাইল উলদ শেখ আহমেদের রয়েছে তিন দশকেরও বেশি সময়ের কূটনৈতিক ও আন্তর্জাতিক অভিজ্ঞতা। তিনি এর আগে মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বেও তিনি কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights