• রবি. আগ ৩০, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

অনুমোদনহীন ডাবল ডেকার ও স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

ByShirso Aparadh

আগ ২৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যানজট নিরসন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অনুমোদনহীন ডাবল ডেকার ও স্লিপার বাসের চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে ঢাকা মহানগরীর যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং ব্যবস্থা এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের এসব তথ্য জানান।

বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় দ্রুত ও প্রযুক্তিনির্ভর টোল আদায়ের লক্ষ্যে ‘ইলেকট্রনিক টোল কালেকশন’ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য একটি অ্যাপও তৈরি করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের দীর্ঘদিনের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তৈরি করা বিদ্যমান প্রতিবেদন পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সুপারিশসহ আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশ সমন্বিতভাবে কাজ করবে।

রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হবে। স্থায়ী টার্মিনাল নির্মাণে সময় লাগতে পারে বিবেচনায় আগামী চার মাসের মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ ছাড়া গাবতলী বাস টার্মিনালের সক্ষমতা বাড়াতে এর পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। এ কাজে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে দ্রুত কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

একই বৈঠকে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়। সচিবালয় এলাকার যানজট কমাতে পার্কিং ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়। এ লক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করা সম্ভব কি না, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প পার্কিংয়ের স্থান খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদসচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


#ঢাকার_যানজট #পরিবহন_খাত #তারেক_রহমান #বাস_টার্মিনাল #ট্রাফিক_ব্যবস্থাপনা #ডাবল_ডেকার #স্লিপার_বাস #অটোরিকশা #দৈনিক_শীর্ষ_অপরাধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights