• রবি. আগ ৩০, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২৬ ঘণ্টার যানজট, ৫০ কিলোমিটারজুড়ে ভোগান্তি

ByShirso Aparadh

আগ ২৯, ২০২৬

মো. শাহাদাত হোসেন তালুকদার সাকু :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টানা প্রায় ২৬ ঘণ্টা ধরে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের বিস্তৃতি প্রায় ৫০ কিলোমিটার। এতে কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত ঢাকামুখী সড়কে শত শত যানবাহন আটকা পড়ে আছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকরা।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরের পর থেকে শুরু হওয়া এ যানজট শনিবারও অব্যাহত রয়েছে। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় বিশেষ করে দূরপাল্লার বাসের যাত্রী ও বিদেশগামী যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজের ঢাকামুখী লেনের একটি অংশে বড় গর্ত সৃষ্টি হওয়ায় দুর্ঘটনা এড়াতে শুক্রবার সকাল ৮টার দিকে জরুরি সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। কাজ চলাকালে মহাসড়কের একটি লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে উভয় দিকের যানবাহন পর্যায়ক্রমে চলাচলের ব্যবস্থা করা হয়।

এক লেনে অতিরিক্ত যানবাহনের চাপ সামলাতে না পারায় ধীরে ধীরে যানজট দীর্ঘ হতে থাকে। শনিবার যানবাহনের চাপ আরও বেড়ে গেলে পরিস্থিতির অবনতি ঘটে। একপর্যায়ে যানজট নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর থেকে কুমিল্লার চান্দিনা পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।

দীর্ঘ সময় যানজটে আটকে থাকা স্টার লাইন পরিবহনের চালক ইয়াহিয়া বলেন, শুক্রবার মধ্যরাত থেকে তারা যানজটে আটকে রয়েছেন। যাত্রীদের অনেকেই দীর্ঘ সময় বাসের ভেতরে অবস্থান করায় তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ জানান, চান্দিনা থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়েছে। তিনি নিজেও প্রায় আট ঘণ্টা ধরে যানজটে আটকে রয়েছেন।

টোল প্লাজা এলাকায় আটকে থাকা বাসযাত্রী মাহাবুব বলেন, ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে গেলেও যানবাহন খুব সামান্যই এগোচ্ছে। দীর্ঘ যানজটের প্রকৃত কারণ সম্পর্কে অনেক সাধারণ যাত্রীও স্পষ্টভাবে জানতে পারছেন না।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় বলেন, দাউদকান্দি থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যানজটের অন্যতম প্রধান কারণ আষাড়িয়ারচর ব্রিজ এলাকায় সড়ক সংস্কারকাজ। একটি লেন বন্ধ থাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

ভবেরচর হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জ এলাকায় সেতু এলাকায় সংস্কার/নির্মাণকাজ শুরু হওয়ার পর থেকেই ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম বলেন, আষাড়িয়ারচর এলাকায় মহাসড়কের একটি লেনে সড়ক বিভাগের জরুরি সংস্কারকাজ চলায় যানবাহন পর্যায়ক্রমে অপর লেন দিয়ে চলাচল করছে। এর ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, যানবাহন চলাচল স্বাভাবিক করা এবং যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের একাধিক দল নিরবচ্ছিন্নভাবে মাঠে কাজ করছে।

তবে দীর্ঘ সময় ধরে মহাসড়কে যানজট থাকায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত সংস্কারকাজ শেষ করে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights