শেখ ফরিদ উদ্দিন :
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেছেন, কোরবানির পশুর মাংসের পাশাপাশি চামড়া ও অন্যান্য উপজাত সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা গেলে তা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
তিনি বলেন, কোরবানিকে কেন্দ্র করে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ পশু জবাই, চামড়া ছাড়ানো, মাংস প্রক্রিয়াজাতকরণ ও বণ্টন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকেন। এ খাতে দক্ষ জনবল গড়ে তোলা সময়ের দাবি। বিশেষ করে চামড়া ছাড়ানোর মতো সংবেদনশীল কাজে প্রশিক্ষিত কর্মী না থাকলে চামড়ার গুণগত মান নষ্ট হয়, ফলে বাজারমূল্যও কমে যায়।
মন্ত্রী আরও বলেন, কোরবানির পশুর চামড়া, হাড়, শিং ও অন্যান্য উপজাত সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করা গেলে দেশে চামড়া শিল্পের বিকাশের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগও বাড়বে। এজন্য সংশ্লিষ্টদের আরও সচেতন ও দক্ষ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
