• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

কফিনবন্দি হয়ে ফিরলেন যুক্তরাষ্ট্রে নিহত জামালপুরের মেধাবী শিক্ষার্থী লিমন

Byadmin

মে ৪, ২০২৬

রাশেদুল ইসলাম:

উচ্চশিক্ষার স্বপ্ন বুকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়া জামিল আহমেদ লিমনের জীবনাবসান হলো এক মর্মান্তিক হত্যাকাণ্ডে। বিদেশের মাটিতে নির্মমভাবে নিহত এই মেধাবী শিক্ষার্থী অবশেষে ফিরলেন নিজ জন্মভূমিতে—তবে জীবিত নয়, কফিনবন্দি হয়ে।

সোমবার (৪ মে) দুপুর ৩টা ১০ মিনিটে যুক্তরাষ্ট্র থেকে আনা লিমনের মরদেহ অ্যাম্বুলেন্সযোগে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে তার নিজ বাড়িতে পৌঁছায়। মরদেহবাহী গাড়ি গ্রামে প্রবেশ করতেই সৃষ্টি হয় হৃদয়বিদারক এক পরিবেশ।

স্বজনদের আহাজারি আর বুকফাটা কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। লিমনকে শেষবারের মতো একনজর দেখতে বাড়ির সামনে ভিড় করেন শত শত মানুষ। আত্মীয়-স্বজন, প্রতিবেশী, সহপাঠীসহ নানা শ্রেণি-পেশার মানুষ ছুটে আসেন প্রিয় মুখটির শেষ বিদায় জানাতে।

অনেকে কফিন স্পর্শ করে কান্নায় ভেঙে পড়েন। কেউ নির্বাক দাঁড়িয়ে থাকেন, আবার কেউ চোখের পানি মুছতে মুছতে বলেন, “এভাবে লিমন ফিরবে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

লিমনের চাচা জিয়াউল হক বলেন, “ছেলেটা খুবই মেধাবী ছিল। আমরা সবাই আশা করেছিলাম, সে বড় কিছু করবে। পিএইচডি করতে বিদেশে গিয়েছিল। কিন্তু তাকে এভাবে কফিনে করে আনতে হবে—এটা আমাদের জন্য অকল্পনীয় কষ্ট।”

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বাদ মাগরিব লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে লিমনের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। ইতোমধ্যে কবর খননসহ দাফনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসাইন বলেন, “লিমন শুধু তার পরিবারের নয়, পুরো এলাকার গর্ব ছিল। আমরা তার হত্যার সুষ্ঠু বিচার চাই।”

লিমন ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের -এ পিএইচডি করতে যান। সেখানে তিনি ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে গবেষণা করছিলেন।

গত ১৬ এপ্রিল তিনি নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল ফ্লোরিডার ট্যাম্পা শহরের এলাকা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে তার রুমমেট, মার্কিন নাগরিক হিশাম আবুগারবিয়েহকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। হত্যার কারণ ও বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

লিমনের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পাশাপাশি স্থানীয়দের একটাই দাবি—এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights