• বুধ. জুলা ২৯, ২০২৬

এমপির মেয়ের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

ByShirso aparadh

জুলা ২৮, ২০২৬


>বিক্ষোভে উত্তপ্ত নীলগঞ্জ এলাকা; পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে, তদন্তের আশ্বাস

যশোর প্রতিনিধি:
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের মেয়ের বিরুদ্ধে স্থানীয় একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার জেরে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে যশোর শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় অবস্থিত সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।

বিক্ষোভ চলাকালে কয়েকজন বিক্ষোভকারী বাড়ির জানালায় ইটপাটকেল নিক্ষেপ করলে কিছু কাচ ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয়দের অভিযোগ, সংসদ সদস্যের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যা সোমবার বিকেলে পাশের একটি মাদ্রাসার কয়েকজন শিশু শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করেন। পরে পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার সকালে আবারও শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় এক অভিভাবক আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। এরপর ক্ষুব্ধ এলাকাবাসী সংসদ সদস্যের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

আল মাদ্রাসাতুল শারইয়্যাহর মুহতামিম কবির হোসাইন অভিযোগ করেন, শিশুদের সঙ্গে এ ধরনের আচরণের ঘটনা একাধিকবার ঘটেছে। সর্বশেষ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

অন্যদিকে, সংসদ সদস্যের স্ত্রী শারমিন ডিনা অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের মেয়ের মানসিক সমস্যা রয়েছে। মাদ্রাসা প্রাঙ্গণে শিশুদের আনাগোনা নিয়ে বিরোধের জেরেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, তাদের বাড়িতে হামলা চালিয়ে এখন উল্টো মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights