
>দোকানের আবাসিক কক্ষে ঘুমন্ত অবস্থায় অগ্নিকাণ্ড; নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ
আন্তর্জাতিক ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর দগ্ধ হয়েছেন আরও একজন বাংলাদেশি। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার (২৭ জুলাই) গভীর রাতে ইস্টার্ন কেপের কোমানি (সাবেক কুইন্সটাউন) এলাকার সমোতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দোকানের ভেতরে থাকা আবাসিক কক্ষে সাতজন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তারা বের হতে পারেননি। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। পরে গুরুতর আহত একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের মধ্যে মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) এবং মোহাম্মদ আপন (২৪)-এর পরিচয় নিশ্চিত হয়েছে। অপর দুইজনের পরিচয় নিশ্চিতের কাজ চলছে।
স্থানীয় বাংলাদেশি কমিউনিটির তথ্য অনুযায়ী, নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকায়।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় অতীতেও অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের প্রাণহানির একাধিক ঘটনা ঘটেছে। ফলে প্রবাসীদের নিরাপত্তা ও আবাসন ব্যবস্থাপনা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
